আন্তর্জাতিক / কুয়েতে সমুদ্রপথে অনুপ্রবেশের চেষ্টাকালে আইআরজিসি সংশ্লিষ্ট ৪ জন আটক

কুয়েতে সমুদ্রপথে অনুপ্রবেশের চেষ্টাকালে আইআরজিসি সংশ্লিষ্ট ৪ জন আটক

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

কুয়েতের নিরাপত্তা বাহিনী সমুদ্রপথে দেশটিতে প্রবেশের চেষ্টা করার সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট চারজনকে আটক করেছে বলে দাবি করেছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা’র বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিরা একটি ভাড়া করা মাছ ধরার নৌকা ব্যবহার করে কুয়েতের বুবিয়ান দ্বীপে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের উদ্দেশ্য ছিল দেশটিতে “শত্রুতামূলক কর্মকাণ্ড” পরিচালনা করা।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়ে ইরানকে “পূর্ণ দায়ভার” বহনের আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে রোববার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠালেও ট্রাম্প সেটিকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন