দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩ শিশু এবং হামের উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এ সময় সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৯ হাজার ২৭৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ের মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪০৫ শিশু এবং নিশ্চিত হামে মারা গেছে ৮৩ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করা এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
