বরিশাল: জিনের মাধ্যমে অলৌকিক উপায়ে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা-পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বায়জিদ (২৫), মো. রনি হাওলাদার (২৬) ও মো. ফজলে রাব্বি (২৪)। তাঁরা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠি গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর অসুস্থতার সুযোগ নিয়ে গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি মোবাইল নম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তরা। এ সময় তাঁরা ‘জিনের বাদশা’র মাধ্যমে অলৌকিক উপায়ে তাঁকে সম্পূর্ণ সুস্থ করে দেওয়ার আশ্বাস দেন।
তাঁদের কথায় বিশ্বাস করে সাব্বির বিভিন্ন দফায় বিকাশের মাধ্যমে মোট ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা পাঠান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি গত ৪ অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি সাইবার সুরক্ষা আইনের ২১, ২২, ২৩, ২৭ ও ৩০ ধারায় দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্তে সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলোর নিবন্ধনসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে বোরহানগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বায়জিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কাছিয়া এলাকায় অভিযান চালিয়ে রনি হাওলাদার ও ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।
পরে সোমবার বিকেল পাঁচটার দিকে গ্রেপ্তার তিনজনকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশের অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।
