বিনোদন / কাঠগড়ায় উল্টো ফিরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া

কাঠগড়ায় উল্টো ফিরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।

আদালত নুসরাত ফারিয়ার বিদেশে অবস্থান এবং আন্দোলনের পক্ষে তার অবস্থান সংক্রান্ত তথ্যের উপর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে তার জামিনের শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়।

আদালতে উপস্থিতির সময় এক বিরল দৃশ্য দেখা যায়—শুনানি শুরুর আগে কাঠগড়ায় উল্টো ফিরে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকেন নুসরাত ফারিয়া। তার মুখে ছিল সাদা মাস্ক, মাথায় হেলমেট এবং শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট। এরপর বিচারক এজলাসে উঠলে তিনি সামনে ঘুরে দাঁড়িয়ে কাঠগড়ার রেলিংয়ে দুই হাত রাখেন।

আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, “নুসরাত ফারিয়া একজন খ্যাতিমান শিল্পী। তিনি গত বছরের জুলাইয়ে কানাডায় শ্যুটিং করতে যান এবং আগস্টে দেশে ফেরেন। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন, কোনোভাবেই হত্যাচেষ্টার ঘটনায় জড়িত নন। জামিন প্রার্থনা করছি।”

প্রসঙ্গত, রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে একটি হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে অপু বিশ্বাস, ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। মামলায় আওয়ামী লীগের আর্থিক সহায়তা দাতার অভিযোগও আনা হয়েছে ফারিয়ার বিরুদ্ধে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন