সারাদেশ / কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন দম্পতি — সাময়িক বন্ধ ঘোষণা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন দম্পতি — সাময়িক বন্ধ ঘোষণা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক পর্যটক দম্পতি। মঙ্গলবার (২০ মে) দুপুরে কক্সবাজার শহরের দরিয়ানগর পয়েন্টে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজারে প্যারাসেইলিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি জানান, “দরিয়ানগরে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিংয়ে নিয়ম ভেঙে একসাথে দুইজনকে নিয়ে উড্ডয়ন করা হয়। এ সময় দুজন ছিটকে পড়ে আহত হন।”

আহত দম্পতির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের দুই পা ও কোমরে গুরুতর আঘাত লেগেছে।

ম্যাজিস্ট্রেট আরও জানান, “ঘটনার পরপরই প্যারাসেইলিংয়ের সমস্ত মালামাল জব্দ করা হয়েছে। তবে মালিক ও সংশ্লিষ্ট কর্মীরা পালিয়ে গেছেন।”

ঘটনার পর আহতদের দ্রুত সরিয়ে নেওয়া হয়, কিন্তু তারা বর্তমানে কোথায় রয়েছেন, তা জানতে মাঠে কাজ করছে প্রশাসন। কক্সবাজারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন