সারাদেশ / বাংলামোটরে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত — চালক গ্রেপ্তার

বাংলামোটরে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত — চালক গ্রেপ্তার

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রাজধানী ঢাকার বাংলামোটরে কাভার্ডভ্যানের চাপায় আরশেদ আহমেদ সরকার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (২৩ মে) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আরশেদ লালবাগের ওয়াটার ওয়ার্কস সড়কের একটি বাসায় থাকতেন। তার বাবার নাম আনোয়ার হোসেন। আজ ভোরে তিনি মোটরসাইকেল চালিয়ে বাংলামোটর এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল হাসান বলেন, “শুক্রবার ভোর ৪টার দিকে বাংলামোটর মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, “ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।”

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন