সারাদেশ / আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি।

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি।

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডি। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি হওয়ায় এ গ্রেপ্তার করা হয়।

মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। তাকে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। এ বিষয়ে সিআইডি জানায়, রবিবার রাতে বরিশালের বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, “আসামিকে ঢাকায় নেওয়া হচ্ছে। মামলার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা থেকে জানা যাবে।”
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন