অপরাধ / বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী। তিনি জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কাওছার (১৯), বাঁধন (১৯) ও রকি (১৯)। তারা সবাই বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে কয়েকজন পরিচিত ব্যক্তি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে রাতের দিকে তারা শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে এবং পরে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে যান। সেখানে আরও একজন যোগ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছে ওই তরুণী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। খবর পেয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ওসি ইব্রাহীম আলী জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হবে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন